শবে মি’রাজ কি উদযাপন করা উচিত আর এর সাথে সম্পর্কিত কি নির্দিষ্ট কোনো ‘ইবাদত আছে?

শবে মি’রাজ: [শবে মি’রাজ কি উদযাপন করা উচিত আর এর সাথে সম্পর্কিত কি নির্দিষ্ট কোনো ‘ইবাদত আছে?]

ইমাম ‘আব্দুল আযীয বিন বায (রাহিমাহুল্লাহ) বলেছেন:

“এতে কোনো সন্দেহ নেই যে, আল-ইসরা ওয়াল মিরাজ আল্লাহর মহান নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত, যা তাঁর রাসূল মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সত্যবাদিতা, মহান আল্লাহর দৃষ্টিতে তাঁর উচ্চ মর্যাদা এবং সেই সাথে আল্লাহর একচ্ছত্র ক্ষমতা ও তাঁর সৃষ্টি [মানব ও জ্বিনজাতি ইত্যাদি]-এর উপর তাঁর মহিমান্বিত হওয়ার বিষয়টিকে প্রমাণ করে। আল্লাহ [তিনি পবিত্র ও সমস্ত অপূর্ণতা থেকে মুক্ত] বলেন:

سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلًا مِنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إِنَّه هُوَ السَّمِيعُ الْبَصِيرُ

“পবিত্র ও মহিমাময় তিনি যিনি তাঁর বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছিলেন মাসজিদুল হারাম হতে মাসজিদুল আক্বসায়, যার পরিবেশ আমি করেছিলাম বরকতময়, তাকে আমার নিদর্শন দেখানোর জন্য; তিনিই সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।” [সূরাহ আল-ইসরা, আয়াত ১]

এটি আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে তাওয়াতুর রিওয়ায়াতে [অর্থাৎ এমন একটি সহীহ বর্ণনা যা এত বেশি বর্ণনাকারীর মাধ্যমে বর্ণিত হয়েছে যে এর বর্ণনাকারীগণ সকলেই মিথ্যার উপর একমত হতে পারেন না] বর্ণিত হয়েছে যে, তাঁকে ঊর্ধ্বাকাশে নেওয়া হয়েছিল এবং আকাশের দরজাগুলো তাঁর জন্য উন্মুক্ত করা হয়েছিল এমনকি তিনি সপ্তম আকাশ অতিক্রম করেছিলেন। অতঃপর তাঁর রব [আল্লাহ (তিনি পুতঃপবিত্র ও সমস্ত অপূর্ণতা থেকে মুক্ত)] তাকে যা বলার তাই বললেন এবং তার উপর দিনে-রাতে পাঁচ ওয়াক্ত নামাজকে ফরয করলেন। আল্লাহ [তিনি পুতঃপবিত্র ও সমস্ত অপূর্ণতা থেকে মুক্ত] প্রথমে তাঁর উপর দিনে-রাতে পঞ্চাশ ওয়াক্ত নামাজকে ফরয করেছিলেন, কিন্তু আমাদের নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আল্লাহর নিকট বারবার ফিরে গেলেন এবং এর দায়িত্বভার (অর্থাৎ সংখ্যা) কমিয়ে আনার জন্য অনুরোধ করতে থাকলেন। পরিশেষে আল্লাহ তা’আলা তা [কমিয়ে] পাঁচ [ওয়াক্ত] নির্ধারণ করলেন- তিনি পাঁচ ওয়াক্ত নামাজকে ফরয করলেন কিন্তু এর সওয়াব পঞ্চাশ ওয়াক্তের সমান রেখে দিলেন। কারণ (প্রতিটি) সৎ আমল দশটি নেকি বহন করে। অতএব, সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা আল্লাহর যিনি তাঁর বান্দাদের জন্য সমস্ত নেয়ামত দান করেছেন।

যে রাতে ইসরা ওয়াল মিরাজ সংঘটিত হয়েছিল- তা রজব বা অন্য কোনো মাসে সংঘটিত হয়েছিল বলে নির্ভরযোগ্য সূত্রে প্রমাণ পাওয়া যায় না। যে নির্দিষ্ট (মাসে) এটি সংঘটিত হয়েছিল বলে যেসব বর্ণনা পাওয়া যায় তা হাদীস বিশারদদের মতে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে নির্ভরযোগ্য সনদে বর্ণিত হয়নি। আর আল্লাহর কাছে রয়েছে সর্বোত্তম প্রজ্ঞা [যা সকল প্রকার দুর্বলতা, ত্রুটি, ঘাটতি, ভুল থেকে মুক্ত]- যে কারণে তিনি মানুষকে [ইসরা ওয়াল মিরাজের এই নির্দিষ্ট রাত্রি] সম্পর্কে ভুলিয়ে দিয়েছিলেন [তা তিনিই ভালো জানেন।]

আর যদি এই নির্দিষ্ট রাতটি সংঘটিত হয়েছে বলে প্রমাণ পাওয়াও যায়, এরপরও মুসলিমদের জন্য একে কেন্দ্র করে কোনো ‘ইবাদত করা বা একে উদযাপন করা জায়েয হবে না। কারণ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ও তাঁর সাহাবায়ে কেরাম (রাদ্বিয়াল্লাহু ‘আনহুম) এটি উদযাপন করেননি এবং এই রাতকে কেন্দ্র করে নির্দিষ্ট কোনো ইবাদতও করেননি। যদি এটি উদযাপন করা শরীয়ত সম্মত হতো তবে রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর কথা বা কাজ দ্বারা তাঁর উম্মতকে তা জানিয়ে দিতেন। আর যদি এসম্পর্কিত কোনো আমল করা হতো, তাহলে তা জানা যেত এবং তা ব্যাপকভাবে পরিচিতি লাভ করত এবং তাঁর সাহাবীরা তা আমাদের কাছে পৌঁছে দিতেন, কারণ নিশ্চয়ই, তাঁরা নবীর কাছ থেকে উম্মতের জন্য প্রয়োজনীয় সবকিছুই পৌঁছে দিয়েছেন। দীন সংক্রান্ত কোনো বিষয়ে তাঁরা অবহেলা করেননি; বরং তাঁরা প্রতিটি সৎকাজ সম্পাদনে অগ্রগামী ছিলেন। অতএব, যদি এই রাত্রিটি উদযাপন করা শরীয়ত সম্মত হতো, তবে এধরণের কাজ তাঁরা আমাদের আগেই করতেন। রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মানুষের জন্য [অর্থাৎ তাদের দীন ও দুনিয়া উভয়ের ক্ষেত্রে] সবচেয়ে আন্তরিক উপদেশদাতা ছিলেন, [তিনি তাঁর উপর অর্পিত] বার্তা নিখুঁতভাবে পৌঁছে দিয়েছেন এবং [আল্লাহ কর্তৃক তাঁর উপর অর্পিত] আমানত পূর্ণ করেছেন। যদি এই রাতকে মহিমান্বিত করা এবং এটি উদযাপন করা দীনের (শরীয়ত সম্মত) কোনো বিষয় হতো, তবে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তা অবহেলা করতেন না বা তা গোপন করতেন না।

অতএব, যখন [বিষয়টি এমনই যে নবী ও তাঁর সাহাবাদের থেকে এসম্পর্কিত কোনো কথা বা কাজ বর্ণিত হয়নি] তখন বুঝে নিতে হবে এই রাতকে উদযাপন করা ও একে মহিমান্বিত করার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, কারণ নিশ্চয়ই আল্লাহ তা‘আলা এই উম্মতের জন্য তাঁর দীনকে পূর্ণতা দিয়েছেন, তাঁর অনুগ্রহ পূর্ণ করেছেন এবং তাকে তিরস্কার করেছেন যে দীনের ভিতর এমন কিছু প্রণয়ন করে যা এর অন্তর্ভুক্ত নয়। মহান আল্লাহ বলেছেন:

الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلامَ دِينًا

“আজ আমি তোমাদের জন্য তোমাদের দীনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নেয়ামত সম্পূর্ণ করলাম, আর তোমাদের জন্য ইসলামকে দীন হিসেবে মনোনীত করলাম।” [সূরাহ আল মায়িদাহ, আয়াত ৩]

আল্লাহ বলেছেন:

أَمْ لَهُمْ شُرَكَاءُ شَرَعُوا لَهُمْ مِنَ الدِّينِ مَا لَمْ يَأْذَنْ بِهِ اللَّهُ وَلَوْلا كَلِمَةُ الْفَصْلِ لَقُضِيَ بَيْنَهُمْ وَإِنَّ الظَّالِمِينَ لَهُمْ عَذَابٌ أَلِيم

“তাদের কি এমন কতগুলো শরীক আছে যারা তাদের জন্য বিধান দিয়েছে এমন দীনের যার অনুমতি আল্লাহ দেননি? আর ফয়সালার ঘোষণা না থাকলে, তাদের বিষয়ে সিদ্ধান্ত হয়েই যেত। নিশ্চয়ই জালিমদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি।” [সূরাহ আশ-শুরাহ, আয়াত ২১]

আর আল্লাহর রাসূল থেকে সহীহ সনদে বর্ণিত হয়েছে যে, তিনি দীনের মধ্যে বিদ‘আত চালু করার ব্যাপারে সতর্ক করেছেন ও স্পষ্টভাবে বলেছেন যে এটি পথভ্রষ্টতা এবং তিনি তার উম্মতকে বিদ‘আতের ভয়াবহতা থেকে সতর্ক করার উদ্দেশ্যে এবং এর উপর আমল করা থেকে দূরে রাখার জন্যই তা করেছেন। ‘আয়িশা (রাদ্বিয়াল্লাহু ‘আনহা) থেকে বর্ণিত যে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:

من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد

“যে ব্যক্তি আমাদের এ বিষয়ে (অর্থাৎ দীন ইসলামের ভিতর) এমন কিছু উদ্ভাবন করবে যা এর অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত হবে।” [সহীহ আল-বুখারী, ২৬৯৭]

من عمل عملاً ليس عليه أمرنا فهو رد

“যে ব্যক্তি এমন কোনো আমল করবে যা আমাদের এই বিষয়ের (দীনের) অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখাত হবে।” [সহীহ মুসলিম, ১৭১৮]

রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:

أُوصِيكُمْ بِتَقْوَى اللَّهِ وَالسَّمْعِ وَالطَّاعَةِ وَإِنْ عَبْدًا حَبَشِيًّا فَإِنَّهُ مَنْ يَعِشْ مِنْكُمْ بَعْدِي فَسَيَرَى اخْتِلَافًا كَثِيرًا فَعَلَيْكُمْ بِسُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الْمَهْدِيِّينَ الرَّاشِدِينَ تَمَسَّكُوا بِهَا وَعَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ وَإِيَّاكُمْ وَمُحْدَثَاتِ الْأُمُورِ فَإِنَّ كُلَّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلَّ بِدْعَةٍ ضَلَالَةٌ

“আমি তোমাদেরকে আল্লাহভীতি এবং (আমীরের) কথা শুনার ও তার আনুগত্য করার আদেশ দিচ্ছি, যদি সে একজন হাবশী গোলামও হয়। কারণ তোমাদের মাঝে যারা আমার পরে জীবিত থাকবে তারা অচিরেই প্রচুর মতবিরোধ দেখবে। অতএব তোমরা আমার সুন্নাত ও আমার হিদায়াতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদীনের সুন্নাতের অনুসরণ করবে। তা দৃঢ়তার সহিত আঁকড়ে ধরবে ও তা মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরবে (শক্তভাবে ধারণ করবে) এবং (দীনের ভিতর) প্রতিটি নব উদ্ভাবিত বিষয় সম্পর্কে সাবধান থাকবে কারণ প্রত্যেক নব উদ্ভাবিত বিষয় হলো বিদ’আত আর প্রতিটি বিদ’আত হলো ভ্রষ্টতা।” [সুনান আবী দাঊদ, ৪৬০৭]

এমন অসংখ্যা বর্ণনা রয়েছে যা এই বিষয়টির অর্থ বহন করে। এবং এটি আল্লাহর রাসূলের সাহাবা ও সালাফদের [অর্থাৎ ইসলামের প্রথম তিন প্রজন্ম] থেকে বর্ণিত হয়েছে যে তারা বিদ‘আতের বিরুদ্ধে সতর্ক করেছেন এবং [মানুষকে উপদেশ দিয়েছেন তারা যেন বিদ‘আতের উপর আমল করাকে ভয় করে।] কারণ এই ধরনের কাজগুলো সংযোজনকৃত [অর্থাৎ যে কাজগুলো আল্লাহ ও তাঁর রাসূল কর্তৃক অনুমোদিত নয়] এবং [সেগুলো পালন করা] দীনের ভিতর বিধান প্রণয়নের সমতুল্য, যার অনুমতি আল্লাহ দেননি। এটা দীন ইসলামকে তুচ্ছ করার সমান এবং তা পরিপূর্ণ হওয়ার পর একে [অসম্পূর্ণ] বলে দোষারোপ করার সমতুল্য।

আর বিষয়টি যখন এমনই যে, আল্লাহ মুসলিমদের জন্য একে অপরকে উপদেশ দেওয়ার বিষয়টিকে বাধ্যতামূলক করেছেন, তাদের নিকট দীনি বিষয়াদি স্পষ্ট করতে বলেছেন এবং দীনি ইলম গোপন করাকে হারাম করেছেন তাই আমার মনে হয়েছে আমার ভাইদেরকে এই বিদ‘আত সম্পর্কে অবহিত করা (বা সতর্ক করা) উচিত, যা ইতোমধ্যেই দূরদূরান্তে ছড়িয়ে পড়েছে, আর বিষয়টি এমন পর্যায় পৌঁছেছে যে কিছু লোক একে দীনের অংশ বলে মনে করছে।’”

**[সংক্ষেপিত উদ্ধৃতাংশ: বিস্তারিত এখানে দেখুন:**


http://www.binbaz.org.sa/article/24%5D

উৎস: https://salaficentre.com/2021/03/11/israa-wal-miraaj-is-the-israa-wal-miraaj-to-be-celebrated-and-are-there-any-specific-acts-of-worship-related-to-it/

Support The Da'wah In Bangladesh

The Messenger (ﷺ) said: “And save yourselves from the hell fire even if it be with the piece of a date.”

Recent Posts

Recommended Readings

ইসলাম

ইসলাম হলো আদম (‘আলাইহিস সালাম) থেকে মুহাম্মাদ (ﷺ) পর্যন্ত সকল নবীর দীন। একজন মুসলিম হলেন সেই ব্যক্তি যিনি এই দীনকে কবুল করেন এবং এর উপর আমল করেন। মুসলিমরা একমাত্র সত্য মা'বূদ (আরবিতে আল-ইলাহ) আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করেন না। মুসলিমরা সকল প্রকার শিরক পরিত্যাগ করেন এবং তারা মানবজাতির প্রতি প্রেরিত সর্বশেষ রাসূল মুহাম্মাদ (ﷺ)-এর প্রদর্শিত শিক্ষার অনুসরণ করেন। এটিই হলো সালাফিয়্যাহর ভিত্তি।

আমাদের দাওয়াহ
সুন্নাহ

সুন্নাহ হলো নবী (ﷺ) ও তাঁর সাহাবাদের পথ। যিনি এই পথের অনুসরণ করেন তাকে সুন্নী বলা হয় এবং তিনি আহলুস-সুন্নাহ ওয়াল জামাআহ’র অন্তর্ভুক্ত। মাঝেমধ্যে, শিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নয় এমন কাউকে বুঝানোর জন্যও সুন্নী শব্দটি সাধারণভাবে ব্যবহৃত হয়। তবে, শুধু শিয়া না হওয়াটা কোনো ব্যক্তিকে পথভ্রষ্টতায় নিপতিত হওয়া থেকে বাঁচানোর জন্য যথেষ্ট নয়।

আমাদের দাওয়াহ
আস-সালাফ আস-সালেহ

আস-সালাফ আস-সালেহ হলেন মুহাম্মাদ (ﷺ)-এর সাহাবা ও তাঁদের পরবর্তী তিন প্রজন্ম। তাদেরকে আহলুস-সুন্নাহ ওয়াল-জামা’আহ, আস-সালাফ,আছহাবুল-হাদীস এবং আহলুল-হাদীসও বলা হয়। যে ব্যক্তি তাঁদের পথকে কবুল করেন এবং তাঁদের আক্বীদাহ, মানহাজ ও দীনকে অবিকল অনুসরণ করেন, তিনি প্রকৃত হিদায়াতের উপর প্রতিষ্ঠিত।

আমাদের দাওয়াহ
সালাফিয়্যাহ

সালাফিয়্যাহ হলো ইসলাম ও সুন্নাহ অনুসরণের প্রকৃত পথ। একজন সালাফী হচ্ছেন সেই ব্যক্তি, যিনি অবিকল কোনো পরিবর্তন ছাড়াই সালাফে-সালেহীনের পথকে অনুসরণ করেন।

আমাদের দাওয়াহ
সুন্নী

সুন্নী, আহলুস-সুন্নাহ ওয়াল-জামাআহ, আছহাবুল-হাদীস এবং আহলুল-হাদীস এই সবই সমার্থক উপাধি । এই উপাধিগুলো একই পথের অনুসারী একটি দলকে বুঝায়। যাইহোক, যারা এই উপাধিগুলোকে ব্যবহার করে, তাদের প্রত্যেকেই প্রকৃত অর্থে নিজ দাবির অনুগামী নন। প্রকৃত অর্থে, বেশিরভাগ মানুষ, যারা এই উপাধিগুলোর সাথে নিজেকে যুক্ত করে তারা সালাফে-সালেহীনের আক্বীদাহ ও মানহাজের বিরোধিতা করে। একজন নিছক দাবিদার ও একজন প্রকৃত অনুসারীর মাঝে পার্থক্য স্থাপন করাই এই অনুচ্ছেদের অন্যতম প্রধান উদ্দেশ্য।

আমাদের দাওয়াহ

দাওয়াহর কাজে সহযোগিতা করুন (Support The Dawah)

জীবনী এবং ইতিহাস প্রবন্ধ (Articles) কার্ড (Cards) অডিও (Audios)
আমাদের ভিজিট করুন (Visit Us) মারকাযের ঠিকানা (Markaz Location) আমাদের সম্পর্কে (About Us) আমাদের দাওয়াহ (Our Dawah) যোগাযোগ করুন (Contact Us)